নোয়াখালীর কোম্পানীগঞ্জে বালুবাহী ট্রাক সড়কের গর্তে আটকা, জনদুর্ভোগ চরম
রিপোর্টার মোঃ কামাল উদ্দিন দৈনিক প্রভাতী বাংলাদেশ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর ফকিরা থেকে চর এলাহী ইউনিয়ন সড়কে ২০২৬ সালের ১৮ জুলাই ভোর আনুমানিক ৫টার দিকে অতিরিক্ত বালুবোঝাই একটি ট্রাক সড়কের গর্তে আটকে পড়ে। এতে ওই সড়কে চলাচলকারী ছোট যানবাহন ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
স্থানীয়দের অভিযোগ, ট্রাকটি দীর্ঘ সময় ধরে আটকে থাকলেও মালিকপক্ষ এখন পর্যন্ত গাড়িটি উদ্ধারের কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। ফলে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং ভোগান্তি বাড়ছে।
স্থানীয়দের আরও দাবি, ২০২৪ সালে সড়কটির নির্মাণকাজ শেষ হওয়ার পর ৮ থেকে ১০ টন ধারণক্ষমতার যানবাহন চলাচলের উপযোগী ছিল। কিন্তু দীর্ঘদিন ধরে ৪০ থেকে ৫০ টন বালুবোঝাই ভারী ট্রাক চলাচল করায় সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে এবং সড়কটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
এলাকাবাসী প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তাদের দাবি, দ্রুত ট্রাকের মালিককে শনাক্ত করে গাড়িটি সরানোর ব্যবস্থা করা হোক এবং ভবিষ্যতে অতিরিক্ত ওজনের যানবাহন চলাচলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে সাধারণ মানুষের দুর্ভোগ কমে এবং সড়কটি আরও ক্ষতিগ্রস্ত না হয়।