পদ্মায় মা ইলিশ শিকারে ১৮ জেলে আটক লক্ষাধিক মিটার কারেন্ট জাল জব্দ
আবু বকর সিদ্দিক:- মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।
মুন্সীগঞ্জের পদ্মা নদীতে মা ইলিশ শিকারের নিষেধাজ্ঞা অমান্য করায় ১৮ জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে যৌথ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। অভিযানে প্রায় এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও পাঁচ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।লৌহজং ও শ্রীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে মৎস্য সম্পদ রক্ষায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে কঠোর অবস্থান নেওয়া হয়।আটক জেলেদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে ১০ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। পরে তাঁদের মুন্সীগঞ্জ কারাগারে পাঠানো হয়।
অভিযান চলাকালে জব্দ করা প্রায় এক লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অন্যদিকে,জব্দ করা পাঁচ কেজি ইলিশ স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা ববি মিতু এবং শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রেজাউল ইসলাম,শ্রীনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম,মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মালেক খসরু খান,মাওয়া কোস্টগার্ডের সদস্যসহ সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা জানান,মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখা এবং ইলিশের উৎপাদন বাড়াতে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদীতে অভিযান পরিচালনা করা হচ্ছে।নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।মা ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে।