পরিবেশ রক্ষায় মেগা উদ্যোগ: ৫ বছরে সারাদেশে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা প্রধানমন্ত্রীর
নার্গিস আক্তার
জেলা প্রতিনিধি
ব্রাক্ষণবাড়িয়া।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং দেশের বনায়ন বৃদ্ধির লক্ষ্যে ‘আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় এই বিশাল কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশে পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রয়োজনের তুলনায় গাছের সংখ্যা অনেক কম। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে বৃষ্টিপাতের ধরন পরিবর্তন হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। একটি বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে দেশব্যাপী এই বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচির বিকল্প নেই।”
উদ্বোধনী অনুষ্ঠানে পরিবেশের গুরুত্ব তুলে ধরে তিনি নতুন এক স্লোগানও ঘোষণা করেন—
“বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ।”
কর্মসূচির মূল লক্ষ্য ও বৈশিষ্ট্য:
২৫ কোটি চারার লক্ষ্যমাত্রা: আগামী পাঁচ বছরের মধ্যে সারাদেশে মোট ২৫ কোটি দেশীয় ও পরিবেশবান্ধব প্রজাতির গাছের চারা রোপণ করা হবে।
প্রান্তিক পর্যায়ে বাস্তবায়ন: সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক ও নদীর বাঁধ, এবং খাস জমিতে অগ্রাধিকার ভিত্তিতে চারা রোপণ করা হচ্ছে।
দেশীয় ও ফলদ বৃক্ষে প্রাধান্য: ক্ষতিকর বা বিদেশি জাতের বদলে দেশীয় ফলদ, বনজ, ঔষধি এবং বিলুপ্তপ্রায় প্রজাতির গাছ রোপণে জোর দেওয়া হয়েছে।
সরাসরি মনিটরিং ও স্বচ্ছতা: শুধু গাছ রোপণ নয়, তা যথাযথভাবে বড় হচ্ছে কি না তা তদারকির জন্য ডিজিটাল ট্র্যাকিং ও স্থানীয় প্রশাসনের মাধ্যমে নজরদারির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।