নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশাল সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ডের পলাশপুর মোহাম্মদপুর এলাকায় শওকত হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে তীব্র আতঙ্ক ও আধিপত্য বিস্তারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ড ও এলাকায় একক রাজত্ব কায়েম করার চেষ্টার মাধ্যমে তিনি বর্তমানে মোহাম্মদপুর এলাকার সাধারণ মানুষের কাছে এক মূর্তিমান আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে ৫ নং ওয়ার্ডের এই অংশে শওকত হোসেন ও তার অনুসারীরা নিজেদের একচ্ছত্র প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছেন। এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখানোর মতো একাধিক গুরুতর অভিযোগ উঠছে এই চক্রের বিরুদ্ধে। ভয়ে এলাকার সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হচ্ছে, কিছুদিন আগে ৭ নম্বর গলিতে ঘটে যাওয়া নৃশংস ‘বাবু হত্যাকাণ্ড’। অভিযোগ রয়েছে, শওকত হোসেনের ছেলে মধু এই হত্যাকাণ্ডের মূল হোতা এবং সে বাবুকে অত্যন্ত নির্মমভাবে জবাই করে হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের পর থেকে শওকত ও তার পরিবারের অপরাধ সাম্রাজ্যের বিষয়টি আরও প্রকাশ্যে আসে। এলাকাবাসী জানান, ছেলের এমন অপরাধের পেছনে পিতার প্রত্যক্ষ বা পরোক্ষ আশ্রয়-প্রশ্রয় রয়েছে বলে তাদের ধারণা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বলেন, "মোহাম্মদপুর এলাকায় এখন সাধারণ মানুষের নিরাপত্তা বলতে কিছু নেই। শওকত ও তার ছেলের বাহিনীর কারণে আমরা সবসময় আতঙ্কের মধ্যে থাকি। প্রতিবাদ করলেই নেমে আসে নির্যাতন।"
এই বিষয়ে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী সাধারণ জনগণ। তারা অবিলম্বে পলাশপুর মোহাম্মদপুর এলাকায় পুলিশি তৎপরতা বৃদ্ধি এবং কথিত এই নতুন মস্তান শওকত হোসেন ও তার সহযোগী অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে এলাকায় পুনরায় শান্তি ও নিরাপত্তা ফিরে আসে।