পোরশায় যাত্রীবাহী বাসে বিজিবির অভিযান, ৯৯০ গ্রাম হেরোইন জব্দ
মোঃ হামিদুর রহমান ভ্রাম্যমাণ, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর পোরশায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৯৯০ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা এসব হেরোইনের আনুমানিক সিজার মূল্য ১৯ লাখ ৮০ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়কের সার্বিক দিকনির্দেশনায় সহকারী পরিচালক মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে।
অভিযানের অংশ হিসেবে পোরশা উপজেলার নীতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২৩০/৫২-আর থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সুতরইল পূর্বগ্রাম মসজিদ মোড় এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের ভেতর থেকে মালিকবিহীন অবস্থায় ৯৯০ গ্রাম ভারতীয় হেরোইন উদ্ধার করা হয়।
জব্দ করা হেরোইনের আনুমানিক সিজার মূল্য ১৯ লাখ ৮০ হাজার টাকা। উদ্ধার করা মাদকদ্রব্য পোরশা থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার, গরু ও মাদক পাচার এবং অন্যান্য চোরাচালান প্রতিরোধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে। সীমান্ত সুরক্ষা ও মাদকমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।