নিজস্ব প্রতিবেদক:
তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের জন্য নতুন মজুরি কাঠামোর প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। প্রস্তাবিত কাঠামোতে শ্রমিকদের গ্রেডভেদে মাসিক মোট মজুরি ৩২ হাজার থেকে ৪৮ হাজার টাকা এবং শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানানো হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ড-২০২৬-এর দ্বিতীয় সভায় শ্রমিক প্রতিনিধিদের জমা দেওয়া প্রস্তাবনায় এসব তথ্য উঠে এসেছে।
প্রস্তাবনা অনুযায়ী, শ্রমিকদের জন্য পাঁচটি স্তরে মজুরি নির্ধারণের কথা বলা হয়েছে। এর মধ্যে গ্রেড-১-এর শ্রমিকদের মাসিক মোট মজুরি ৪৮ হাজার টাকা, গ্রেড-২-এর ৪৩ হাজার টাকা, গ্রেড-৩-এর ৩৮ হাজার টাকা এবং গ্রেড-৪-এর ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া শিক্ষানবিশ শ্রমিকদের জন্য মাসিক ৩০ হাজার টাকা প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবিত কাঠামোতে মূল বেতন, বাড়িভাড়া ও অন্যান্য ভাতা অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে মূল বেতন মোট মজুরির ৬০ শতাংশ, বাড়িভাড়া মূল বেতনের ৫০ শতাংশ (মোট মজুরির ৩০ শতাংশ) এবং অন্যান্য ভাতা মোট মজুরির ১০ শতাংশ হিসেবে দেখানো হয়েছে।
পাশাপাশি কারখানার কর্মকর্তা-কর্মচারীদের জন্যও পৃথক বেতন কাঠামোর প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। এতে পদ ও গ্রেড অনুযায়ী মাসিক মোট বেতন ৪০ হাজার থেকে ৫৫ হাজার টাকা নির্ধারণের কথা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া শিক্ষানবিশকাল সর্বোচ্চ তিন মাস রাখার এবং খাদ্য ভাতা প্রস্তাবিত মজুরির বাইরে রাখার দাবি জানানো হয়েছে।
নিম্নতম মজুরি বোর্ড-২০২৬-এ শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে আনোয়ার হোসাইন ও বাবুল আখতার এই প্রস্তাবনায় স্বাক্ষর করেছেন।
তবে এটি কেবলই শ্রমিকপক্ষের পক্ষ থেকে দেওয়া একটি প্রাথমিক প্রস্তাব, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নয়। নিয়ম অনুযায়ী, মালিকপক্ষের প্রস্তাব পর্যালোচনা এবং বোর্ডের সদস্যদের মধ্যে দীর্ঘ আলোচনা ও দর-কষাকষির পর সরকার চূড়ান্ত মজুরি কাঠামো নির্ধারণ করবে। সরকারি প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশের আগপর্যন্ত আগের মজুরি কাঠামোই বহাল থাকবে।