প্রতিষ্ঠাবার্ষিকীতে নকলায় স্বেচ্ছাসেবক দলের ব্যতিক্রমী উদ্যোগ, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান
মোঃ জহিরুল ইসলাম
জেলা প্রতিনিধি, শেরপুর
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরপুরের নকলায় ব্যতিক্রমী কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এর অংশ হিসেবে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার, দিনব্যাপী এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ করা হয়। একই সঙ্গে নকলা উপজেলা হাসপাতাল প্রাঙ্গণ ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করে স্বাস্থ্যকর ও সুন্দর পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়।
এছাড়া সাবেক হুইপ জাহেদ আলী চৌধুরীর বাসভবন ও বিএনপি কার্যালয়, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, শাহরিয়া ফাযিল মাদ্রাসাসহ বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোবারক হোসেন মিন্টু বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পাশাপাশি হাসপাতালসহ জনসমাগমপূর্ণ স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে একটি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
তিনি আরও বলেন, তারেক রহমান ঘোষিত ‘৫ বছরে ৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবেও এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোবারক হোসেন মিন্টু, সদস্য সচিব জাকির হোসেন জুয়েল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ, যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার ও টনি সরকার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব কাজী মহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মমিনুল হকসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এছাড়া পাঠাকাটা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুর রহমান জজসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরাও কর্মসূচিতে উপস্থিত ছিলেন।