ফরিদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
মো: শাহীন হাওলাদার
স্টাফ রিপোর্টার
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ফরিদপুরে র্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলাবিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে ফরিদপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. রায়হান গফুর, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক, ফরিদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মোজাম্মেল হক এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. বেলাল উদ্দিন। এ ছাড়া ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় দুর্যোগের আগাম সতর্কবার্তা যথাসময়ে জনগণের কাছে পৌঁছে দেওয়া, নিরাপদ আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণ, উদ্ধার কার্যক্রম পরিচালনা, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং দুর্যোগ-পরবর্তী পুনর্বাসন বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, দুর্যোগের ঝুঁকি ও ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি এবং আগাম প্রস্তুতি জোরদার করা জরুরি। দুর্যোগের সময় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবক এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানের মাধ্যমে দুর্যোগপ্রবণ এলাকার মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার এবং সম্মিলিত প্রচেষ্টায় দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।