ফরিদপুরে চরাঞ্চলের সুফলভোগী খামারিদের মাঝে বকনা বিতরণ
মো: শাহীন হাওলাদার
স্টাফ রিপোর্টার
ফরিদপুর সদর উপজেলার নদীবিধৌত চরাঞ্চলের প্রান্তিক খামারিদের স্বাবলম্বী করা এবং প্রাণিসম্পদ খাতের উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী খামারিদের মাঝে বকনা গরু বিতরণ করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) ফরিদপুর জেলা প্রাণিসম্পদ অফিস প্রাঙ্গণে এ বকনা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, কৃষকদের স্বাবলম্বী করা, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। বিশেষ করে নদীবিধৌত চরাঞ্চলের প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে এ প্রকল্প সহায়ক হবে।
তিনি আরও বলেন, প্রাণিসম্পদ খাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পরিকল্পিতভাবে গবাদিপশু পালন ও পরিচর্যার মাধ্যমে খামারিরা নিজেদের আর্থিক অবস্থার উন্নতি করতে পারবেন। সরকারের এ ধরনের সহায়তা সঠিকভাবে কাজে লাগিয়ে খামারিদের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণেও ভূমিকা রাখতে হবে।
সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বকনা গরু বিতরণের মাধ্যমে চরাঞ্চলের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক খামারিরা গবাদিপশু পালন করে নিজেদের আয় বাড়ানোর সুযোগ পাবেন। এতে একদিকে যেমন পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ হবে, অন্যদিকে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
স্থান: জেলা প্রাণিসম্পদ অফিস, ফরিদপুর।