ফরিদপুরে ডিবির অভিযানে চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ডাকাত চক্রের ৩ জন গ্রেপ্তার
মো: শাহীন হাওলাদার
স্টাফ রিপোর্টার
ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে দেশব্যাপী ডাকাতি ও ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে সেনাবাহিনী ও পুলিশের চাকরিচ্যুত দুই সদস্য রয়েছেন। এ সময় নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাতি করা একটি ইয়ামাহা ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তারদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অন্তত ১৬টি মামলার তথ্য পাওয়া গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, নতুন ব্যাটারিচালিত ইজিবাইক ভাড়া নেওয়ার কথা বলে ডিবি পুলিশের পরিচয় দিয়ে জোরপূর্বক ছিনতাইয়ের ঘটনায় তদন্তে নামে ডিবি পুলিশ। অভিযানে চক্রের অন্যতম হোতা পুলিশের চাকরিচ্যুত সদস্য মো. লিমন মিয়া (৩৪) ও তার সহযোগী মো. সাখাওয়াত মুন্সি ওরফে সাকা (৩৬) গ্রেপ্তার হন। লিমনের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার নান্দাহা গ্রামে এবং সাকার বাড়ি একই উপজেলার কান্দাপাড়া গ্রামে।
জিজ্ঞাসাবাদে লিমন জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে ডিবি পুলিশের পরিচয় ব্যবহার করে দেশের বিভিন্ন এলাকা থেকে ইজিবাইক চুরি ও ছিনতাই করতেন। পরে এসব ইজিবাইক মুকসুদপুরের মন্টু মিয়া নামে এক ব্যক্তির কাছে বিক্রি করতেন। সিডিএমএস যাচাই করে লিমনের বিরুদ্ধে চুরি, ছিনতাই, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অপরাধে অন্তত ১১টি মামলার তথ্য পেয়েছে পুলিশ।
এ ঘটনার সূত্র ধরে ফরিদপুর শহরের রঘুনন্দনপুর এলাকায় অভিযান চালিয়ে সেনাবাহিনীর চাকরিচ্যুত সদস্য মো. ইমদাদুল হক ওরফে জাহাঙ্গীরকে (৫৫) গ্রেপ্তার করা হয়। তিনি খুলনার লবণচরা থানার বাসিন্দা। বর্তমানে ফরিদপুরের রঘুনন্দনপুর এলাকায় মাজেদ মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
অভিযানকালে তার হেফাজত থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় ডাকাতি করা একটি ইয়ামাহা ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশের দাবি, জাহাঙ্গীর ও তার সহযোগীরা ওই এলাকায় ডাকাতি করে নগদ ২৪ লাখ টাকাসহ প্রায় ৬৪ লাখ টাকার মালামাল লুট করেছিলেন। জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি ও মোটরসাইকেল চুরি করে ফরিদপুরসহ আশপাশের জেলায় বিক্রির কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনের মামলাসহ বিভিন্ন থানায় অন্তত পাঁচটি মামলার তথ্য পাওয়া গেছে।
ফরিদপুরের পুলিশ সুপার মো. শাহারিয়ার মোহাম্মদ মিয়াজী জানান, গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে বড় ধরনের অপরাধী নেটওয়ার্ক জড়িত রয়েছে। তাদের আদালতে সোপর্দ করে অধিকতর তদন্ত, চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার এবং চোরাই মালামাল উদ্ধারে রিমান্ডের আবেদন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও অপরাধের বিস্তারিত তথ্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।