ফরিদপুরে পল্লী বিদ্যুতের নৈশ অভিযান, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন; সতর্ক ১৯ দোকান মালিক
মো: শাহীন হাওলাদার
স্টাফ রিপোর্টার উগান্ডা
বিদ্যুতের অপচয় ও অবৈধ ব্যবহার বন্ধে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে নৈশকালীন অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) রাতে সমিতির সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিসের আওতাধীন বিভিন্ন এলাকায় একযোগে ৯টি দল এ অভিযান চালায়।
অভিযানকালে আবাসিক মিটারের মাধ্যমে বাণিজ্যিক কাজে বিদ্যুৎ ব্যবহার, অটোরিকশা চার্জিং স্টেশন, গ্যারেজ, ফুটপাত ও সড়কের বাতিতে অবৈধ বিদ্যুৎ সংযোগ রয়েছে কি না, তা তদারকি করা হয়।
অভিযানে নগরকান্দা জোনাল অফিসের আওতাধীন এলাকায় অবৈধভাবে পুনঃসংযোগ স্থাপন করে বিদ্যুৎ ব্যবহারের দায়ে মিটারসহ সংযোগ অপসারণ করা হয়। এছাড়া সদর দপ্তরের আওতাধীন এলাকায় আবাসিক মিটার ব্যবহার করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার কারণে একটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সদরপুর সাব-জোনাল অফিসের আওতাধীন এলাকায় আরও দুটি অবৈধ পার্শ্বসংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এদিকে, রাত ৮টার পর মার্কেট ও দোকান খোলা রাখার দায়ে ১৯টি মার্কেট ও দোকানের মালিককে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিদ্যুতের অপচয় রোধ, অবৈধ ব্যবহার বন্ধ এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি।