ফরিদপুরে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপের ফাইনাল খেলার উদ্বোধন করলেন সংসদ সদস্য নায়াব ইউসুফ
মো: শাহীন হাওলাদার
স্টাফ রিপোর্টার
ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়ার মমিনখাঁর হাটে ‘শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর তৃতীয় আসরের ফাইনাল খেলার উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলার উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।
টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও চর মাধবদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মির্জা সাইফুল ইসলাম আজমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, ফরিদপুর শহর বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, ক্রীড়া সংগঠক এবং খেলোয়াড়রা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার চর্চা বাড়াতে হবে। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, পারস্পরিক সম্প্রীতি ও নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের ক্রীড়া আয়োজন নতুন খেলোয়াড়দের প্রতিভা বিকাশেরও সুযোগ তৈরি করে।
মমিনখাঁর হাট বাজার পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে সার্বিক সহযোগিতা করছেন কমিটির সভাপতি রেজাউল করিম বেপারী।