ফার্মেসি সার্টিফিকেট কোর্সে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সম্পৃক্ততা বহালের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন
লক্ষ্মীপুর প্রতিনিধি:,অহিদুল ইসলাম ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার ও পূর্বের মতো সম্পৃক্ততা বহাল রাখার দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির ব্যানারে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য দেন বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি উত্তম দেবনাথ, সহসভাপতি রেজাউল হক দুলাল ও রায়পুর উপজেলা শাখার সভাপতি এজাজ হোসেন রোমান। এ সময় সমিতির আরও ২০ জন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে জেলা শাখার সভাপতি উত্তম দেবনাথ বলেন, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। এ কোর্স পরিচালনায় অতীতের মতো বর্তমানেও সমিতির সম্পৃক্ততা বহাল রাখতে হবে।
তিনি আরও বলেন, সমিতির সম্পৃক্ততা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে দাবি আদায়ে আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন তারা।
মানববন্ধন থেকে নেতৃবৃন্দ ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্স পরিচালনায় বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির পূর্বের সম্পৃক্ততা পুনর্বহালের দাবি জানান।