ফুটপাত ছাড়া মহাসড়ক নির্মাণে বাড়ছে দুর্ঘটনার শঙ্কা, নিরাপদ চলাচলের দাবিতে জনতার মানববন্ধন
আব্দুল ওয়াহাব, স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম।
কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কের নির্মাণকাজে ফুটপাত রাখার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় সহস্রাধিক মানুষ। সড়কটির আগের সংস্করণে ফুটপাত থাকলেও বর্তমান নির্মাণকাজে তা বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁদের। এতে শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের নিরাপদ চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁরা।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারীরা বলেন, ব্যস্ত এই মহাসড়কের পাশে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা ও মসজিদ রয়েছে। প্রতিদিন এসব প্রতিষ্ঠানে যাতায়াত করেন বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষ। কিন্তু ফুটপাত না থাকায় তাঁদের জীবনের ঝুঁকি নিয়ে সড়কে চলাচল করতে হচ্ছে।
মহাসড়কের পাশে অবস্থিত কুড়িগ্রাম মজিদা আদর্শ ডিগ্রি কলেজ, রিভার ভিউ উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় ও সানরাইজ কিন্ডারগার্টেন স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে বিশেষ উদ্বেগ প্রকাশ করেন বক্তারা।
মানববন্ধনে বক্তব্য দেন কুড়িগ্রামের সাবেক পৌর মেয়র আবু বকর সিদ্দিক, কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হোসেন সরকার, রিভার ভিউ হাই স্কুলের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম, দারুল হিকমা মাদ্রাসার পরিচালক মোহাম্মদ মশিউর রহমান, শিক্ষক আল-আমিন ও ছাত্রদল নেতা মো. লিমন হোসেনসহ অন্যরা।
বক্তারা বলেন, উন্নত সড়ক যোগাযোগব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানসংলগ্ন মহাসড়কে ফুটপাত না থাকলে শিক্ষার্থীদের প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে চলাচল করতে হয়। তাই নির্মাণকাজ চলাকালেই ফুটপাতের বিষয়টি নিশ্চিত করা প্রয়োজন।
মানববন্ধন থেকে নির্মাণাধীন কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী মহাসড়কে ফুটপাত অন্তর্ভুক্ত করে শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপদ চলাচলের উপযোগী সড়ক নির্মাণের দাবি জানানো হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেন অংশগ্রহণকারীরা।