ফুলছড়িতে ডিবি পুলিশের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলা পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা (ডিবি), গাইবান্ধার নেতৃত্বে মাদকবিরোধী এক সফল অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে গত ১২/০৭/২০২৬ খ্রিঃ (জিডি নং-৯০) জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস আভিযানিক টিম মোটরসাইকেল যোগে ফুলছড়ি থানা এলাকায় মাদক উদ্ধার অভিযানে বের হয়। রাত ১১টা ৩০মিনিটে ফুলছড়ি থানাধীন ০৩ নং উদাখালী ইউপির ০৭ নং ওয়ার্ডের উদাখালী (কানিপাড়া) গ্রামস্থ জনৈক আসামীর বসত বাড়ির খোলা বারান্দায় মাদকদ্রব্য কেনাবেচার সময় অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আসামি মাজহারুল ইসলাম (৪৬), পিতা- মৃত গাজিউর রহমান, সাং- উদাখালী (কানিপড়া), থানা- ফুলছড়িকে হাতেনাতে আটক করা হয়।
উপস্থিত সাক্ষী ও স্থানীয় জনসাধারণের সামনে আসামীর দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের পকেট থেকে একটি নীল রঙের জিপার প্যাকেটে রক্ষিত ১০৫ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন (দশ দশমিক পাঁচ) গ্রাম। বিধি মোতাবেক জব্দ তালিকামূলে উক্ত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে গাইবান্ধা জেলার ফুলছড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০৯, তারিখ-১৩/০৭/২০২৬ খ্রিঃ)।
বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে মাদক নির্মূলে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।