ফেনীর ট্রাংক রোড, সার্কিট হাউজ রোড ও মহিপাল এলাকায় দখলমুক্তকরণ অভিযান
মোহাম্মদ হানিফ ফেনী জেলা প্রতিনিধি।
ফুটপাথ ও সড়ক থেকে অবৈধ দখল উচ্ছেদ, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে
ফেনী সদর উপজেলার ট্রাংক রোড, সার্কিট হাউজ রোড এবং মহিপাল এলাকায় জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দখলমুক্তকরণ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন, ফেনী। জেলা প্রশাসনের উদ্যোগে এবং ফেনী পৌরসভার সহযোগিতায় পরিচালিত এ অভিযানে ফুটপাথ ও সড়ক অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনাকারী হকারদের সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে দখলমুক্ত করা স্থানগুলো সাধারণ মানুষের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাথের বিভিন্ন অংশ অবৈধভাবে দখল করে ব্যবসা পরিচালনার কারণে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। অনেক ক্ষেত্রে মানুষকে বাধ্য হয়ে সড়ক দিয়ে চলাচল করতে হওয়ায় দুর্ঘটনার ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছিল। এসব বিষয় বিবেচনায় নিয়ে জনদুর্ভোগ কমাতে এবং নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় ট্রাংক রোড, সার্কিট হাউজ রোড ও মহিপাল এলাকার ফুটপাথ এবং সড়কের বিভিন্ন অংশে অবৈধভাবে স্থাপিত দোকান, অস্থায়ী স্টল ও অন্যান্য প্রতিবন্ধকতা অপসারণ করা হয়। সংশ্লিষ্ট হকারদের ফুটপাথ ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনা না করার জন্য সতর্ক করা হয় এবং ভবিষ্যতে পুনরায় দখলের চেষ্টা করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব চয়ন বড়ুয়া এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শাহরিয়ার সজল। এ সময় ফেনী পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে অভিযান বাস্তবায়নে সহযোগিতা করেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নগরবাসীর স্বার্থে ফুটপাথ পথচারীদের জন্য উন্মুক্ত রাখা এবং যানজট ও জনদুর্ভোগ কমাতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে শহরের সৌন্দর্য বৃদ্ধি, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
জেলা প্রশাসনের কর্মকর্তারা বলেন, "পরিচ্ছন্ন, সুন্দর ও নিরাপদ ফেনী গড়ে তুলতে অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে। জনস্বার্থে কোনো ধরনের অবৈধ দখল বা প্রতিবন্ধকতা বরদাশত করা হবে না।"
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে ফুটপাথ দখল হয়ে থাকায় সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছিল। জেলা প্রশাসনের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকলে শহরের শৃঙ্খলা ফিরে আসবে এবং পথচারীরা নিরাপদে চলাচল করতে পারবেন বলে তারা আশা প্রকাশ করেন।