বকশীগঞ্জে ১৫ শিক্ষকের বেতন আটকে রাখার অভিযোগের পাল্টা ব্যাখ্যা
জামালপুর জেলা প্রতিনিধি: মোঃ আজাদ হোসেন নিপুঃ-
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল অ্যান্ড কলেজের ১৫ জন শিক্ষকের বেতন-ভাতা দীর্ঘদিন আটকে রাখা এবং প্রায় ৪৫ লাখ টাকা পাওনা থাকার অভিযোগকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে শিক্ষকদের বেতন আটকে রাখার অভিযোগে সংবাদ প্রকাশিত হওয়ার পর এর প্রতিবাদ ও পাল্টা ব্যাখ্যা দিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষের দাবি, শিক্ষকদের বেতন-ভাতা আটকে রাখার অভিযোগটি একপাক্ষিকভাবে উপস্থাপন করা হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষকদের কয়েকজনের বিরুদ্ধে নিয়মিত ক্লাস না নেওয়া, দায়িত্বে অবহেলা, নিয়োগসংক্রান্ত তথ্য গোপন, জাল সনদ ব্যবহারের অভিযোগ এবং প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রমে অসহযোগিতাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব বিষয়ে প্রয়োজনীয় তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষের লিখিত বক্তব্যে আরও বলা হয়, কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে অন্য প্রতিষ্ঠান থেকে বরখাস্ত হওয়ার তথ্য গোপন করে চাকরি গ্রহণ, প্রধান শিক্ষকের স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে অর্থ উত্তোলন এবং কম্পিউটার ল্যাবের ল্যাপটপ চুরির অভিযোগ রয়েছে। এসব ঘটনায় মামলা ও অন্যান্য প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে বলেও বক্তব্যে উল্লেখ করা হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
কর্তৃপক্ষের দাবি, সংশ্লিষ্ট শিক্ষকরা নিয়মিত পাঠদান না করে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকতেন এবং প্রতিষ্ঠানপ্রধানকে নানাভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করতেন। এমনকি প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে একাধিক মামলা করা হলেও সেসব মামলার তদন্তে শিক্ষকদের বিরুদ্ধেই সিদ্ধান্ত এসেছে বলে দাবি করা হয়েছে।
লিখিত বক্তব্যে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আরও জানায়, মানবিক বিবেচনায় এবং সংশ্লিষ্ট শিক্ষকদের আর্থিক অসচ্ছলতার কথা চিন্তা করে বিভিন্ন প্রতিকূলতা ও বাধা অতিক্রম করে নিজস্ব অর্থ ব্যয় করে তাঁদের বেতন-ভাতা প্রদানের ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সেই সহযোগিতার পরও প্রতিষ্ঠান পরিচালনা ও শিক্ষার পরিবেশ রক্ষায় তাঁদের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ করা হয়।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা ও উন্নয়ন প্রসঙ্গে কর্তৃপক্ষ জানায়, দীর্ঘ প্রায় ৩০ বছরের প্রচেষ্টা, সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা ও মন্ত্রণালয়ের সহযোগিতা এবং নিজেদের পৈতৃক স্থাবর-অস্থাবর সম্পদ ব্যয়ের মাধ্যমে চন্দ্রাবাজ রশিদা বেগম শিক্ষা কমপ্লেক্স গড়ে তোলা হয়েছে। এ কমপ্লেক্সের অধীনে ১৪টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রায় ২০০ শিক্ষিত বেকার যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে বলে দাবি করা হয়। প্রতিষ্ঠানগুলো দাদা-দাদি ও পিতা-মাতার নামে প্রতিষ্ঠা করা হয়েছে এবং একটি ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হচ্ছে বলেও বক্তব্যে উল্লেখ করা হয়েছে।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষের ভাষ্য, কিছু শিক্ষকের আচরণ ও পারস্পরিক বিরোধের কারণে প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ এবং দীর্ঘদিনের সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় প্রতিষ্ঠানের ঐতিহ্য, সুনাম ও শিক্ষার পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তারা দৃঢ়প্রতিজ্ঞ।
বক্তব্যে আরও উল্লেখ করা হয়, চন্দ্রাবাজ রশিদা বেগমের নামে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটির সঙ্গে বিএনপির পারিবারিক ঐতিহ্য ও রাজনৈতিক সম্পৃক্ততা রয়েছে। তাঁর ছোট ভাই অ্যাডভোকেট আশরাফ হোসেন সাবেক সংসদ সদস্য এবং প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। তিনি সাবেক আইজিপি আব্দুল কাইয়ুমের সহোদর বড় ভাই এবং বর্তমানে বিএনপির উপদেষ্টা মণ্ডলীর সদস্য বলে কর্তৃপক্ষ উল্লেখ করেছে।
এদিকে, বিষয়টি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। শিক্ষকদের বকেয়া বেতন-ভাতা সংক্রান্ত অভিযোগের পাশাপাশি প্রতিষ্ঠান কর্তৃপক্ষের উত্থাপিত পাল্টা অভিযোগগুলোরও নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে।
সংশ্লিষ্টদের মতে, শিক্ষকদের ন্যায্য পাওনা নিশ্চিত করা যেমন জরুরি, তেমনি নিয়োগের বৈধতা, দায়িত্ব পালনে অবহেলা, আর্থিক অনিয়ম এবং প্রতিষ্ঠানের সম্পদ-সংক্রান্ত অভিযোগেরও সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এলাকার সুশীল সমাজ, অভিভাবক ও সংশ্লিষ্ট প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সবার শুভবুদ্ধির উদয় ও হেদায়েত কামনা করে বক্তব্যের কোনো অংশে কেউ আঘাত পেয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়েছে।