বগুড়ায় অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার: ১৩ বছর বয়সী ভিকটিম উদ্ধার।
জিহাদ কাজী
বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়া জেলার সোনাতলা থানায় দায়ের করা একটি অপহরণ মামলায় মামলার প্রধান এজাহারভুক্ত পলাতক আসামি মো. ইমরান হোসেন (১৮)কে গ্রেপ্তার করা হয়।এ সময় ১৩ বছর বয়সী ভিকটিমকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (২৯ জুন) বিকেলে গাজীপুর মহানগরের কাশিমপুর থানার লতিফপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে র্যাব-১২, সিপিএসসি বগুড়া এবং র্যাব-১, সিপিএসসি পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর এ সাফল্য অর্জন করে।
র্যাব জানায়, গত ২৯ মে সকালে সোনাতলা উপজেলার পশ্চিম তেকানী এলাকার ১৩ বছর বয়সী এক কিশোরী বাড়ির পেছনের সড়কে বের হলে আসামিরা তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। পরে পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ১ জুন সোনাতলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা দায়ের করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, মামলার প্রধান আসামি মো. ইমরান হোসেন গাজীপুরের কাশিমপুর থানার লতিফপুর এলাকায় আত্মগোপনে রয়েছে। এরপর সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় এবং অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনাতলা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানিয়েছে, অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও আরও জোরালোভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।