বগুড়ার মহাস্থানে ঐতিহ্যবাহী লবণী মাছের মেলা: উঠেছে বড় আকারের মাছ, দাম ৪০০ থেকে ১৪৫০ টাকা কেজি
স্টাফ রিপোর্টারঃ মোঃ ইব্রাহিম
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের ঐতিহাসিক মহাস্থান লবণী এলাকায় ঐতিহ্যবাহী মাছের মেলা জমে উঠেছে। মেলায় বিভিন্ন প্রজাতির বড় ও তাজা মাছের সমাগম ঘটেছে, যা দেখতে এবং কিনতে ভিড় করছেন দূর-দূরান্ত থেকে আসা হাজারো ক্রেতা ও দর্শনার্থী।
মেলার মাছের বাজার ঘুরে দেখা গেছে, ছোট-বড় বিভিন্ন আকৃতির রুই, কাতলা, মৃগেল, সিলভার কার্প, এবং চিতলসহ নানা প্রজাতির মাছ পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। মান ও আকার ভেদে এসব মাছ প্রতি কেজি ৪০০ টাকা থেকে শুরু করে ১৪৫০ টাকা পর্যন্ত দরে বিক্রি হচ্ছে। বিশেষ করে বড় আকৃতির রুই ও কাতলা মাছের প্রতি ক্রেতাদের আকর্ষণ সবচেয়ে বেশি লক্ষ্য করা গেছে।
স্থানীয়রা জানান, প্রতিবছরই এই অঞ্চলে ঐতিহ্যবাহী লবণী মাছের মেলা বসে। এই মেলাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করে। শুধু আশপাশের গ্রাম নয়, জেলার বিভিন্ন প্রান্ত থেকেও সৌখিন ক্রেতারা ছুটে আসেন তাদের পছন্দের বড় মাছটি কেনার জন্য।
বিক্রেতারা জানান, মেলায় পর্যাপ্ত পরিমাণে দেশীয় ও খামারের বড় মাছ উঠেছে এবং ক্রেতাদের উপস্থিতিও বেশ সন্তোষজনক। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মেলায় আগত মানুষের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে আয়োজক ও স্থানীয় প্রশাসন তৎপর রয়েছে।