বড়বিলা বিলে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ
মোঃ মাহবুবুল আলম বিভাগীয় ব্যুরো
প্রাকৃতিক মৎস্যসম্পদ বৃদ্ধি ও পরিবেশ রক্ষায় ফুলবাড়িয়ায় উদ্যোগ
ময়মনসিংহের ফুলবাড়িয়ায় প্রাকৃতিক মৎস্যসম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে বড়বিলা বিলে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় আয়োজিত এ কর্মসূচিতে বড়বিলা বিল ও উন্মুক্ত জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পাশাপাশি বিলের আশপাশে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়াতে বৃক্ষরোপণ করা হয়।
আয়োজকরা জানান, উন্মুক্ত জলাশয়ে পরিকল্পিতভাবে মাছের পোনা অবমুক্ত করার ফলে স্থানীয়ভাবে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষ প্রাকৃতিক জলাশয় থেকে মৎস্যসম্পদ আহরণের সুযোগ পাবেন। একই সঙ্গে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা ও জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে এ উদ্যোগ।
কর্মসূচিতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।
সংশ্লিষ্টরা বড়বিলা বিলের মৎস্যসম্পদ সংরক্ষণে অবৈধভাবে মাছ ধরা বন্ধ, জলাশয়ের পরিবেশ রক্ষা এবং নিয়মিত পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।