মেহেদী হাসান খোকন, নির্বাহী সম্পাদক।
বরিশালের রাজনীতিতে আবারো উত্তাপ বাড়ছে।দীর্ঘদিন মাঠে অনেকটা একক আধিপত্য ধরে রাখা বিএনপির ঘাড়ে এখন নিঃশ্বাস ফেলছে আওয়ামী লীগ।মাঠের হিসাব,সাংগঠনিক তৎপরতা আর জনসংযোগে ধীরে ধীরে ফিরে আসছে আওয়ামী লীগ।বরিশালের আজকের সার্বিক পরিস্থিতি বলছে, এখনই সতর্ক না হলে সামনে বিএনপির জন্য বড় বিপদ অপেক্ষা করছে।
বরিশাল বরাবরই রাজনৈতিকভাবে স্পর্শকাতর জেলা।এখানে ভোটের হিসাব যেমন কঠিন,তেমনি মাঠের রাজনীতিও সব সময় টানটান থাকে। একটা সময় বরিশালে বিএনপির সাংগঠনিক অবস্থান ছিল অনেক শক্ত।মহানগর থেকে শুরু করে উপজেলা,ইউনিয়ন,ওয়ার্ড পর্যন্ত নেতাকর্মীরা ছিলেন সক্রিয়। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই সক্রিয়তায় কিছুটা ভাটা পড়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা।
অন্যদিকে আওয়ামী লীগ নীরবে-নিভৃতে নিজেদের গুছিয়ে নিচ্ছে।প্রকাশ্যে বড় শোডাউন না করলেও ভেতরে ভেতরে চলছে জোর তৎপরতা।পুরোনো নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ানো,নতুন মুখদের সামনে আনা,সামাজিক অনুষ্ঠান,ধর্মীয় অনুষ্ঠান,সমবায় সমিতি,ব্যবসায়ী সংগঠন,পেশাজীবী সংগঠনে উপস্থিতি বাড়ানো - সব মিলিয়ে মাঠে ফেরার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে দলটি।
বরিশাল বিএনপির ভেতরে এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে গ্রুপিং আর আভ্যন্তরীণ কোন্দল। একই পদ,একই এলাকা নিয়ে একাধিক গ্রুপের টানাটানি চলছে। নেতায় নেতায় দূরত্ব বাড়ছে, কর্মীদের মধ্যে হতাশা তৈরি হচ্ছে। ফলে মাঠে একসঙ্গে নামার যে শক্তি,সেটা আগের মতো দেখা যাচ্ছে না।
অনেক জায়গায় কর্মীসভা,উঠান বৈঠক,গণসংযোগ আগের মতো নিয়মিত হচ্ছে না। নেতারা ঢাকা-কেন্দ্রিক হয়ে যাচ্ছেন,স্থানীয় কর্মীদের খোঁজখবর কমে গেছে। এই সুযোগটাই কাজে লাগাচ্ছে প্রতিপক্ষ। সাধারণ মানুষের কাছে যাওয়া তাদের সুখ-দুঃখে পাশে থাকা - এই জায়গায় বিএনপি কিছুটা পিছিয়ে পড়েছে বলে অভিযোগ উঠছে তৃণমূল থেকেই।
আওয়ামী লীগ বরিশালে এখন কৌশল বদলে ফেলেছে। তারা সরাসরি সংঘাতে না গিয়ে জনসংযোগের রাজনীতিতে ফিরেছে।বাজারে,চায়ের দোকানে, মসজিদ-মন্দিরে,স্কুল-কলেজের সামনে,হাট-বাজারে - সর্বত্র তাদের লোকজনকে দেখা যাচ্ছে।সাধারণ মানুষের সমস্যা নিয়ে কথা বলছে, স্থানীয় ইস্যুতে সরব হচ্ছে।
বিশেষ করে তরুণদের টার্গেট করছে তারা।সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়তা বাড়িয়েছে,এলাকাভিত্তিক ছোট ছোট গ্রুপ তৈরি করছে,খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান,রক্তদান,ত্রাণ কার্যক্রমের মতো মানবিক কাজের মাধ্যমে মানুষের কাছে যাচ্ছে। এই নীরব প্রস্তুতিই বিএনপির জন্য সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
বরিশালের সাধারণ মানুষ এখন আর শুধু দল দেখে ভোট দেয় না, কাজ দেখে ভোট দেয়।কে তাদের পাশে থাকে,কে বিপদে এগিয়ে আসে,কে রাস্তা-ঘাট,পানি,বিদ্যুৎ, চিকিৎসার মতো বাস্তব সমস্যা নিয়ে কথা বলে - সেটাই এখন বড় ফ্যাক্টর।এই জায়গায় যে দল এগিয়ে থাকবে,ভোটের মাঠে তারাই এগিয়ে থাকবে।
বরিশাল সদর,বাকেরগঞ্জ, বানারীপাড়া,মুলাদী,হিজলা, মেহেন্দিগঞ্জ,গৌরনদী, আগৈলঝাড়া,উজিরপুর,বাবুগঞ্জ - সব উপজেলাতেই এখন একই চিত্র। মানুষ পরিবর্তন চায়,কিন্তু সেই পরিবর্তনের নেতৃত্ব কে দেবে, সেটা এখনো পরিষ্কার নয়।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বরিশালে বিএনপি যদি এখনই নিজেদের ভেতরের দ্বন্দ্ব না মেটায়, তৃণমূলকে আবার সক্রিয় না করে, সাধারণ মানুষের কাছে না ফেরে - তাহলে সামনের দিনে বড় ধাক্কা খেতে হবে।কারণ আওয়ামী লীগ আর আগের মতো বসে নেই। তারা প্রতিটি মুহূর্ত কাজে লাগাচ্ছে।
ভোটের রাজনীতিতে এক মুহূর্তের অসতর্কতাই অনেক বড় ক্ষতি ডেকে আনতে পারে।বরিশালের মতো গুরুত্বপূর্ণ জেলায় সেই ঝুঁকি নেওয়ার কোনো সুযোগ নেই।
বরিশালের রাজনীতি এখন এক ক্রান্তিকালে দাঁড়িয়ে আছে। একদিকে বিএনপির সাংগঠনিক দুর্বলতা,অন্যদিকে আওয়ামী লীগের নীরব শক্তি বৃদ্ধি -দুই মিলে সামনের দিনগুলোকে করে তুলেছে আরও উত্তপ্ত,আরও অনিশ্চিত।
এখন দেখার বিষয়,বিএনপি সময় থাকতে সতর্ক হয় কিনা,নাকি অসতর্কতার মূল্য দিতে হয় সামনে। বরিশালের মানুষ তাকিয়ে আছে, মাঠের রাজনীতি কোন দিকে মোড় নেয়,সেদিকে।