বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরবে হাতীবান্ধায় গরীবুল্লাহ বালিকা বিদ্যালয়ের আনন্দ শোভাযাত্রা
মোঃশরীফ উদ্দিন মোল্লা জেলা প্রতিনিধি লালমনিরহাট
লালমনিরহাটের হাতীবান্ধায় কাবাডি প্রতিযোগিতায় বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব উদ্যাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও র্যালির আয়োজন করেছে গরীবুল্লাহ বালিকা মাধ্যমিক উচ্চ বিদ্যালয়।
এ উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মেডিকেল মোড় প্রদক্ষিণ করে হাতীবান্ধা উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা কাবাডি প্রতিযোগিতায় বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার সাফল্যে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। এ সময় শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
শোভাযাত্রা শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি খেলোয়াড়দের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।
এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, শৃঙ্খলাবোধ তৈরি এবং দেশপ্রেম জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।