বাঞ্ছারামপুরের সৎ-সাহসী ইউএনও তারিকুল ইসলামের বিদায়
নতুন কর্মস্থল ঢাকা
রিপন সরকার
বাঞ্ছারামপুর, (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনে কর্মরত সৎ ও সাহসী কর্মকর্তা হিসেবে পরিচিত উপজেলা নির্বাহী অফিসার জনাব তারিকুল ইসলামকে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে ঢাকা বিভাগে বদলি করে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়, বিসিএস প্রশাসন ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা তারিকুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বাঞ্ছারামপুরে দায়িত্ব পালনের পর এখন ঢাকা বিভাগে যোগদান করবেন। একই সাথে নাটোরের নলডাঙ্গার ইউএনও মোঃ আলম এমরুল ইসলামকে চট্টগ্রাম বিভাগে বদলি করা হয়েছে।
দায়িত্ব পালনকালে তারিকুল ইসলাম তার কঠোর পরিশ্রম, ন্যায়নিষ্ঠা ও জনবান্ধব কর্মকাণ্ডের জন্য বাঞ্ছারামপুরের সাধারণ মানুষের কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠেছিলেন। আইনশৃঙ্খলা রক্ষা, ভেজালবিরোধী অভিযান, সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং বিভিন্ন সামাজিক উদ্যোগে তার ভূমিকা ছিল প্রশংসনীয়।
তার সততা ও সাহসী সিদ্ধান্তের কারণে এলাকাবাসী তাকে বাঞ্ছারামপুরের সৎ-সাহসী ইউএনও বলেই ডাকতেন।
বদলির খবরে বাঞ্ছারামপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে শোক ও শূন্যতা বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার বিদায়ে অনেকেই আবেগঘন স্ট্যাটাস দিচ্ছেন।
বিদায়বেলায় বাঞ্ছারামপুর বাসী জনাব তারিকুল ইসলামের সুস্বাস্থ্য ও নতুন কর্মস্থলে সফলতা কামনা করেছেন।