বান্দরবানের আলীকদমে রোহিঙ্গা ভোটার অন্তর্ভুক্তির অভিযোগ, তিন সদস্যের তদন্ত কমিটি গঠনের উদ্যোগ
মুহাম্মদ সালাহ উদ্দীন, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের আলীকদম উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নে রোহিঙ্গা নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি এবং ভোটার করানোর অভিযোগে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অনিয়ম শনাক্ত ও সংশ্লিষ্ট ভোটারদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন স্থানীয় বাসিন্দারা।
অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, ইতিমধ্যে উপজেলা মৎস্য কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তদন্তের মাধ্যমে অভিযোগের প্রকৃত সত্যতা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, এর আগেও চৈক্ষ্যং ইউনিয়নে রোহিঙ্গা নাগরিকদের ভোটার হওয়ার বিষয়ে সত্যতা পাওয়া গিয়েছিল।
এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্য অনুযায়ী, পূর্ববর্তী ঘটনায় মামলা করার বিষয়টি থাকলেও সংশ্লিষ্ট নির্বাচন কার্যালয় মামলা করেনি।
বরং তুলনামূলক লঘু শাস্তির কারণে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি ঘটছে বলে তিনি মন্তব্য করেন।
স্থানীয় আবেদনকারীদের দাবি, ভোটার তালিকায় বিদেশি নাগরিকদের অবৈধ অন্তর্ভুক্তির অভিযোগকে কোনোভাবেই হালকাভাবে দেখার সুযোগ নেই।
অভিযোগের নিরপেক্ষ তদন্ত, নিবন্ধনসংক্রান্ত নথিপত্র যাচাই, অনিয়মে জড়িত ব্যক্তিদের শনাক্তকরণ এবং প্রমাণ সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
অন্যথায়, দুর্বল জবাবদিহি ও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থার অভাবে এ ধরনের অভিযোগ বারবার সামনে আসতে পারে।
এখন দেখার বিষয়, প্রস্তাবিত তদন্ত কমিটি কতটা নিরপেক্ষভাবে অভিযোগগুলো যাচাই করে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কী ধরনের আইনানুগ পদক্ষেপ গ্রহণ করে।