প্রীতম দত্ত, বান্দরবান।
বান্দরবান প্রেস ক্লাবের ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বান্দরবান প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে নাছিরুল আলম এবং সাধারণ সম্পাদক পদে এন এ জাকির নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে মোট ৩৯ জন ভোটারের মধ্যে ৩৮ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। সভাপতি পদে নাছিরুল আলম ২০ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক মো. ওসমান গনি পেয়েছেন ১৮ ভোট। সাধারণ সম্পাদক পদে এন এ জাকির ৩৪ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী টিংশৈপ্রু মংটিং মারমা পেয়েছেন ৪ ভোট।
সহসভাপতি পদে মোহাম্মদ মোজাম্মেল হক ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে মিনারুল হক ৮, এম এ হাকিম চৌধুরী ৭ এবং মো. হোসাইন সম্রাট ৪ ভোট পেয়েছেন। যুগ্ম সম্পাদক পদে রিজভী রাহাত ৩৬ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আলী পেয়েছেন ২ ভোট। কোষাধ্যক্ষ পদে মো. ইসহাক ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে কৌশিক দাশ গুপ্ত পেয়েছেন ৭ ভোট।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি নাছিরুল আলম প্রেস ক্লাবের সব সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “প্রেস ক্লাবের সকল সদস্যের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ। সবাইকে সঙ্গে নিয়ে প্রেস ক্লাবের মর্যাদা ও ঐতিহ্য রক্ষায় কাজ করে যাব।”
নবনির্বাচিত যুগ্ম সম্পাদক রিজভী রাহাতও প্রেস ক্লাবের সার্বিক উন্নয়ন ও পেশাগত মানোন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, বান্দরবানে অনেক উদীয়মান ও সম্ভাবনাময় তরুণ সাংবাদিক রয়েছেন। তাঁদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সংগঠনের সঙ্গে যুক্ত করতে যোগ্য তরুণদের প্রেস ক্লাবের সদস্যপদ দেওয়ার জন্য উদ্যোগ নেওয়া হবে।
নির্বাচন শেষে বিজয়ী ও পরাজিত প্রার্থীরা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান। তাঁদের এই সৌহার্দ্যপূর্ণ আচরণ বান্দরবানের সাংবাদিক সমাজে পেশাগত ঐক্য ও সম্প্রীতির ইতিবাচক দৃষ্টান্ত তুলে ধরে।
সংশ্লিষ্ট সাংবাদিক ও সচেতন মহলের প্রত্যাশা, নতুন নেতৃত্বের হাত ধরে বান্দরবান প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বিকাশে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।