বাসাইলে ‘ঠিকানা’র উদ্যোগে মাছুদুজ্জামান রোমেলের প্রথম মৃত্যুবার্ষিকীতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া বটতলায় সামাজিক সহায়ক সংস্থা ‘ঠিকানা’র প্রধান নির্বাহী মরহুম মাছুদুজ্জামান রোমেলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‘ঠিকানা’র প্রধান কার্যালয়ের সামনে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে শিশু বিশেষজ্ঞ ডা: হাবিবুর রহমান (শাহেদ), নাক-কান ও গলা বিশেষজ্ঞ ডা: মোহাম্মদ মোস্তফা এবং গাইনি বিশেষজ্ঞ ডা: উম্মে হাজেরা মীম প্রত্যন্ত এলাকার দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।
এর আগে ফ্রি ক্যাম্পের উদ্বোধন করেন ঠিকানার শিক্ষাবিষয়ক সম্পাদক জুলহাস মিয়া। এ সময় উপস্থিত ছিলেন ঠিকানার কোষাধ্যক্ষ রাশেদা আক্তার, সদস্য আসদুজ্জামান খান, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মাকসুুদুল হক খান মাসুদ, মহিলাবিষয়ক সম্পাদক তাবাচ্ছুম মেহরীনসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষে ‘ঠিকানা’র প্রধান নির্বাহী প্রয়াত মাছুদুজ্জামান রোমেলের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
উল্লেখ্য, ২০১৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ‘ঠিকানা’ সংস্থাটি অসহায় ও দুস্থ মানুষদের ঘর ও দোকান নির্মাণ, ছাগল ও ওষুধ বিতরণ, ফ্রি মেডিক্যাল ক্যাম্প পরিচালনা, আর্থিক সহায়তা, রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ, হুইল চেয়ার বিতরণ এবং শিক্ষাবৃত্তিসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। গত ২০২৫ সালের ২ আগস্ট রাতে চিকিৎসাধীন অবস্থায় সংস্থাটির প্রধান নির্বাহী মাছুদুজ্জামান রোমেল মৃত্যুবরণ করেন।