বাসাইলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু
মোহাম্মদ নাসির মিয়া, বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের বাসাইলে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হান (২০) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টার দিকে বাসাইল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের প্রশিকা অফিস সংলগ্ন একটি দ্বিতলা ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রায়হান দিনাজপুর জেলার কাহারোল উপজেলার চক মহরম কালিতলা গ্রামের বাবুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাসাইল পৌরসভার প্রশিকা অফিস সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রির কাজ করছিলেন রায়হান। কাজের একপর্যায়ে দ্বিতীয় তলা থেকে রড নিচে নামানোর সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের নানা আব্দুল মোমিন জানান, উনারা রাজমিস্ত্রির কাজ করতেছিলেন। তারপরে উপরে একটি রড পড়ে আছিল। রডটি নিচে নামানোর জন্য নিয়ে যাচ্ছিলো। বিল্ডিং থেকে সামনে দুই-আড়াই ফিট দূরেই কিন্তু ওই তার। সিঁড়ি দিয়ে নামানোর সময় ওই তারে রডটি বাইজা গেছে। আর বাইজা যাওয়ার পরে কারেন্টে ধইরা ফালাইছে। ধইরা ফালানোর কিছুক্ষণ ধইরা রাখার পরে নিচে ফেলে দিছে।
এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রাজমিস্ত্রির মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। নিহতের পিতা তাঁর ছেলের মৃতদেহ বিনা ময়নাতদন্তে নেওয়ার জন্য আবেদন করলে, লাশ বিনা ময়নাতদন্তে তাঁর পিতার নিকট বুঝিয়ে দেওয়া হয়।