বিশেষ ক্ষমতা আইনের মামলায় প্রধান শিক্ষক আব্দুস সাত্তার গ্রেপ্তার
মোঃ মাহবুবুল আলম বিভাগীয় ব্যুরো ময়মনসিংহ
২০২৪ সালের আগস্ট মাসে দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় প্রধান শিক্ষক আব্দুস সাত্তারকে গ্রেপ্তার করেছে ফুলবাড়ীয়া থানা পুলিশ। গত রাতে উপজেলার পলাশতলী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারের পর আজ তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
এদিকে, এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বেগম খালেদা জিয়ার সম্পর্কে অশ্লীল, কুরুচিপূর্ণ ও সম্মানহানিকর মন্তব্য করে একাধিক পোস্ট দেওয়ার অভিযোগে তিনি সমালোচনার মুখে পড়েন। অভিযোগগুলোর প্রেক্ষিতে সম্প্রতি উপজেলা শিক্ষা অফিস থেকেও তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদান করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।