বীর মুক্তিযোদ্ধা ড:হারুন-আর-রশিদ আর নেই
আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।
বীর মুক্তিযোদ্ধা ও মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা ড:হারুন-আর-রশিদ আর নেই।(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।গত রোববার রাত ২টার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।তিনি ডায়াবেটিস,উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী,এক ছেলে ও অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।তাঁর মৃত্যুতে লৌহজংয়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বিশেষ করে ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও স্থানীয় মুক্তিযোদ্ধারা গভীর শোক প্রকাশ করেছেন।
গতকাল সোমবার বাদ জোহর ঢাকার রমনা থানা মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।জানাজায় আত্মীয়স্বজন,শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।পরে ড.হারুন-আর-রশিদের মরদেহ লৌহজং উপজেলার পূর্ব শিমুলিয়া গ্রামের বাড়িতে নেওয়া হয়।
সেখানে তাঁকে শেষবারের মতো দেখতে স্বজন,সহপাঠী, মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী ভিড় করেন।পরে বিকেলে পার্শ্ববর্তী সাতঘড়িয়া কবরস্থানে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।জানাজা শেষে একই কবরস্থানে রাষ্ট্রের এই শ্রেষ্ঠ সন্তানকে দাফন করা হয়।দাফনের আগে কবরস্থান প্রাঙ্গণে তাঁকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা হিসেবে ড:হারুন-আর-রশিদকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এসিল্যান্ড এরফানুর রহমান ও লৌহজং থানার ওসি বোরহান উল ইসলামের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান করা হয়।
এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।বীর মুক্তিযোদ্ধা ড.হারুন-আর-রশিদের মৃত্যুতে তাঁর দীর্ঘদিনের সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।
তাঁর সহকর্মী ও প্রাক্তন ছাত্র সমিতির সদস্যরা তাঁকে একজন দায়িত্বশীল,সমাজসচেতন ও গুণী ব্যক্তি হিসেবে স্মরণ করেন।মুক্তিযুদ্ধের চেতনা ও সামাজিক কর্মকাণ্ডে তাঁর অবদান স্থানীয়ভাবে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে।
ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সাবেক সভাপতি হিসেবে তিনি সংগঠনের বিভিন্ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।পরে তিনি সংগঠনটির উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন।তাঁর মৃত্যুতে পরিবার,স্বজন,সহযোদ্ধা ও প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে গভীর শোক নেমে এসেছে।