বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস উল্টে আহত ৭
আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে অন্তত সাতজন আহত হয়েছেন।মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনাকবলিত বাসটি বরিশালের পাথারঘাটা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে এসেছিল।বাসটি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে চলাচল করছিল শ্রীনগরের বেজগাঁও এলাকায় সড়কের একটি বাঁকে অতিরিক্ত গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায়।পরে বাসটি সড়কের পাশের রেলিংয়ে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়।এতে বাসের সাত যাত্রী আহত হন।আহতরা হলেন পিরোজপুরের অর্চনা মিলি (২৫),কানিজ ফাতেমা (২৩) ও রাজু (১৭)।
এছাড়া নুরনবী (৩০),ইব্রাহিম (৪০),মরিয়ম (৫৫) ও বরগুনার সাউদা বেগম (৩৫) আহত হয়েছেন।দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।ফায়ার সার্ভিসের সদস্যরা বাসের ভেতর থেকে আহত যাত্রীদের উদ্ধার করেন।পরে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান,অতিরিক্ত গতির কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়।এতে বাসটির সাতজন যাত্রী আহত হয়েছেন।
খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।হাঁসাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদ রনিও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান,সড়কের বাঁকে অতিরিক্ত গতির কারণে চালক বাসটির নিয়ন্ত্রণ হারান।এরপর বাসটি রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ওই অংশে কিছু সময়ের জন্য যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়।পরে সংশ্লিষ্টদের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত গতিতে যানবাহন চলাচল নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে।সড়কে দুর্ঘটনা এড়াতে চালকদের গতি নিয়ন্ত্রণ ও সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।