বেলাবোতে ১৫৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার,
রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ।
জেলা প্রতিনিধি (নরসিংদী)
মোঃইকবাল হোসেন
নরসিংদীর বেলাবোতে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ উজ্জ্বল মিয়া (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে
পুলিশ। এ সময় তাঁর সঙ্গে থাকা অপর সহযোগীরা পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে
গত ১৭ অক্টোবর ২০২৬ তারিখ রাত ১০টা ২৫ মিনিটে বেলাবো থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নবী হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের চরকাশিমনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে উজ্জ্বল মিয়াকে আটক করা হয়। তবে তাঁর সঙ্গে থাকা অন্যরা কৌশলে পালিয়ে যায়।
গ্রেপ্তার উজ্জ্বল মিয়া চরকাশিমনগর এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, তাঁর কাছ থেকে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৪৬ হাজার ৫০০ টাকা। এ ছাড়া তাঁর ব্যবহৃত কালো রঙের রেজিস্ট্রেশনবিহীন পালসার এনএস ১৬০ সিসির একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বেলাবো থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমানুল্লাহ জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উজ্জ্বল মিয়া ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। উদ্ধার করা ইয়াবা বিক্রির উদ্দেশ্যে তাঁর হেফাজতে রাখা হয়েছিল বলেও পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় বেলাবো থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পলাতক সহযোগীদের গ্রেপ্তার এবং মাদকদ্রব্য উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।