ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরে নির্বাচনী পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষ, দোকানপাট ভাঙচুর ও আহত৫
নার্গিস আক্তার
জেলা প্রতিনিধি
ব্রাক্ষণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর গ্রামে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের পোস্টার লাগানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে স্থানীয় কয়েকটি দোকানপাটে ব্যাপক ভাঙচুর চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে বগডহর গ্রামে ইউপি নির্বাচনের প্রার্থী সমর্থকদের মধ্যে পোস্টার সাঁটানোকে কেন্দ্র করে প্রথমে কথাকাটাকাটি হয়। এর জের ধরে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টাধাওয়ার সময় উত্তেজিত জনতা বাজারের ৩-৪টি দোকানপাটে ভাঙচুর চালায়, এতে অন্তত ৫ জন গুরুতর আহত হন।
আহতদের দ্রুত উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকগুলোতে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে নবীনগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, "সংবাদের পরপরই পুলিশ পাঠিয়ে বগডহর গ্রামের পরিস্থিতি শান্ত করা হয়েছে। বর্তমানে এলাকা নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।"
ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সংঘাত এড়াতে স্থানীয় প্রবীণ ব্যক্তি ও প্রশাসন উভয় পক্ষকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।