ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কে অটোরিকশা উল্টে খাদে, আহত ৩
নার্গিস আক্তার
জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া
ব্রাক্ষণবাড়িয়ার নবীনগর-কোম্পানীগঞ্জ আঞ্চলিক সড়কে যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক সংলগ্ন গভীর খাদে পড়ে গেছে। এ দুর্ঘটনায় চালকসহ অন্তত ৩ জন যাত্রী মারাত্মকভাবে আহত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশাটি নবীনগর থেকে যাত্রী নিয়ে কোম্পানীগঞ্জের দিকে যাচ্ছিল। পথিমধ্যে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে রাস্তার পাশে পানিতে ভরা খাদে পড়ে যায়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা ভেতরে আটকে পড়েন।
দুর্ঘটনার পর পরই স্থানীয় আশপাশের লোকজন ও পথচারীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধার কাজ শুরু করেন। খাদে জমে থাকা পানি থেকে আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
এলাকাবাসীর অভিযোগ, নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কে দিন দিন বেপরোয়া গতিতে বাড়ছে অনিবন্ধিত এসব ব্যাটারিচালিত অটোরিকশা। অদক্ষ চালক ও অতিরিক্ত গতির কারণেই প্রতিনিয়ত সড়কে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে। ঝুঁকিপূর্ণ এসব যানবাহন চলাচলে প্রশাসনের কঠোর নজরদারি ও দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।