ভাতা ও বোনাসের দাবিতে মাদারীপুরে শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও
জহিরুল ইসলাম হৃদয়
মাদারীপুর জেলা প্রতিনিধি
বকেয়া বৈশাখী ভাতা ও ঈদুল আজহার বোনাস না পাওয়ায় মাদারীপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেছেন ভুক্তভোগী দপ্তরিরা। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরীফ মুহাম্মদ ইমারত হোসেনের কার্যালয়ে জড়ো হয়ে তারা এই ক্ষোভ প্রকাশ ও ঘেরাও কর্মসূচি পালন করেন।
আন্দোলনের প্রেক্ষাপট
ভুক্তভোগী দপ্তরিরা জানান, ২০১৩ ও ২০১৪ সালে মাদারীপুর সদর উপজেলার ৫৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাদের নিয়োগ দেয় সরকার। বর্তমানে তারা প্রতি মাসে ১৬ হাজার ৬৭৩ টাকা হারে বেতন পেয়ে আসছেন। সরকারি নিয়ম অনুযায়ী তারা নিয়মিত বৈশাখী ভাতা এবং বছরে দুটি উৎসব বোনাস পাওয়ার কথা।
সেই হিসেবে, সর্বশেষ বৈশাখী ভাতা বাবদ ৩ হাজার ৩৩৬ টাকা এবং ঈদুল আজহার উৎসব ভাতা বাবদ ৮ হাজার ৩৩৪ টাকা করে প্রত্যেক দপ্তরির পাওয়ার কথা ছিল। কিন্তু উপজেলার ৫৬ জন দপ্তরির কেউই এই ভাতা ও বোনাস পাননি। আন্দোলনকারীরা বলেন আমাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার কর্তৃপক্ষের দ্বারস্থ হলেও কোনো সমাধান মেলেনি। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় আমরা বাধ্য হয়ে আজ শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেছি।
শিক্ষা কর্মকর্তার বক্তব্য
দপ্তরিদের আন্দোলনের মুখে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরীফ মুহাম্মদ ইমরাত হোসেন জানান, বরাদ্দ না থাকা এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আপত্তির কারণেই মূলত এই ভাতা ও বোনাস দেওয়া সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, আমরা বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবারও লিখিতভাবে চিঠি পাঠাব। সংশ্লিষ্ট বিভাগ থেকে যে নির্দেশনা বা জবাব আসবে, সেই অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
দ্রুত এই সমস্যার সমাধান না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন ভুক্তভোগী দপ্তরিরা।