ভাদ্রের বাতাসে নেই পাকা তালের সেই চেনা ঘ্রাণ তালগাছ হারিয়ে যাওয়ায় ম্লান হচ্ছে গ্রামবাংলার ঐতিহ্য
আবু বকর সিদ্দিক:-মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি।
ভাদ্র মাস এলেই একসময় গ্রামবাংলার পথে-প্রান্তরে ছড়িয়ে পড়ত পাকা তালের মিষ্টি ঘ্রাণ।তালপাকা,তালের পিঠা,বড়া ও নারকেল দিয়ে তৈরি নানা পদ ছিল বাঙালির চিরচেনা খাদ্যঐতিহ্যের অংশ।তবে সময়ের পরিবর্তনে সেই চেনা দৃশ্য এখন অনেকটাই হারিয়ে গেছে।
মুন্সিগঞ্জের লৌহজংসহ বিক্রমপুরের জনপদে কমে গেছে তালগাছের সংখ্যা।ফলে নতুন প্রজন্মের অনেকেই হারাতে বসেছে দেশীয় এই ফলের স্বাদ ও লোকজ ঐতিহ্যের সঙ্গে পরিচয়।শনিবার (২২ আগস্ট) লৌহজংয়ের খানবাড়ি টোল প্লাজা বাসস্ট্যান্ড এলাকায় কয়েকটি তাল হাতে দেখা যায় শরীয়তপুরের বাসিন্দা শামসুল মাদবরকে (৬৫)।কোথায় যাচ্ছেন জানতে চাইলে তিনি বলেন,জামাই বাড়িতে তাল নিয়ে যাচ্ছেন,তাল দিয়ে পিঠা বানাবেন। তাঁর আক্ষেপ,বিক্রমপুরে এখন তো তেমন তালগাছই দেখা যায় না।
তাঁর কথায় উঠে আসে হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্যের বাস্তব চিত্র।একসময় বাড়ির আঙিনা,রাস্তার ধারে ও গ্রামের মাঠে সারি সারি তালগাছ দেখা যেত।
এখন সেই দৃশ্য অনেকটাই স্মৃতির পাতায় ঠাঁই নিয়েছে।
স্থানীয় বাসিন্দা শরীফ শেখ (৬০) বলেন,লৌহজংয়ে এখন চোখে পড়ার মতো তালগাছ খুব একটা নেই।তাঁর ভাষ্য,তাঁর জীবনে অনেক তালগাছ দেখেছেন,কিন্তু নতুন প্রজন্ম হয়তো তালের স্বাদ ও ঐতিহ্য ভুলতে বসেছে।তিনি বলেন,তালের পিঠা ও তালের নানা রান্নার স্বাদ বর্তমান প্রজন্মের অনেকেই জানে না।তাই বেশি করে তালগাছ লাগানোর উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।এদিকে তাল খেতে আগ্রহী এক অটোরিকশাচালক বলেন,তাল খেতে ভালো লাগলেও সঙ্গে নারকেল না হলে স্বাদ জমে না।কিন্তু বাজারে নারকেলের দাম বেড়ে যাওয়ায় তালের নানা পদ তৈরিতেও আগ্রহ কমছে বলে জানান তিনি।তাঁর মতে,এক জোড়া নারকেল কিনতেই এখন ২৫০ থেকে ৩০০ টাকা খরচ হয়।
গ্রামীণ অর্থনীতি,পরিবেশ ও লোকজ সংস্কৃতির সঙ্গে তালগাছের রয়েছে নিবিড় সম্পর্ক।ফলের পাশাপাশি তালগাছের পাতা,কাঠ ও ছায়াও গ্রামীণ জীবনে নানা কাজে ব্যবহৃত হয়।স্থানীয়দের মতে,বজ্রপাতের ঝুঁকি কমাতেও তালগাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
প্রবীণদের স্মৃতিতে থাকা তালগাছের সারি এখন আর তেমন চোখে পড়ে না।তাই দেশীয় এই গাছ রক্ষায় বাড়ির আঙিনা,রাস্তার পাশ ও পতিত জমিতে পরিকল্পিতভাবে তালগাছ লাগানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
একই সঙ্গে নতুন প্রজন্মকে তালের ঐতিহ্য ও নানা ব্যবহার সম্পর্কে জানাতে উদ্যোগ নেওয়ার কথাও বলেছেন তারা।তাঁদের প্রত্যাশা,নতুন করে তালগাছের চারা রোপণ করা হলে একদিন আবারও ভাদ্রের বাতাসে ছড়িয়ে পড়বে পাকা তালের সেই চেনা মিষ্টি ঘ্রাণ।