ইউসুফ আলী, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ৭ নং বিহার ইউনিয়নে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী জুলফিকার হাসান শাওন। এরই ধারাবাহিকতায় তিনি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ভাসু বিহার গ্রামে গণসংযোগ করেন।
গণসংযোগকালে তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখের খোঁজখবর নেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন সম্ভাবনা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেন। পাশাপাশি আসন্ন নির্বাচনে তিনি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।
এলাকাবাসীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময়ের সময় স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। অনেকেই তার সঙ্গে কথা বলেন এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন।
জুলফিকার হাসান শাওন বলেন, জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে তিনি বিহার ইউনিয়নের মানুষের পাশে থাকতে চান। নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার, শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, একটি সুন্দর, পরিচ্ছন্ন, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন। জনগণের মতামত ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে কাজ করতে চান তিনি।
গণসংযোগকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।১৩/১১/২০২৬ ইং শুকবার