বিনোদন ডেস্ক | দৈনিক প্রভাতী বাংলাদেশ
ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারের বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি অভিনেতা সানি দেওলের ছেলে রাজবীর দেওলের সঙ্গে সারার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে এ খবরকে ভিত্তিহীন বলে দাবি করেছে সারার ঘনিষ্ঠ একটি সূত্র।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার ২৩ নভেম্বরের প্রতিবেদনে সূত্রের বরাত দিয়ে জানানো হয়, সারা টেন্ডুলকার ও রাজবীর দেওলের মধ্যে বিয়ের কোনো পরিকল্পনা নেই। এমনকি তাদের দুজনের কখনো দেখাও হয়নি বলে দাবি করা হয়েছে। সূত্রটির ভাষ্য অনুযায়ী, সারা বর্তমানে অবিবাহিত এবং নিজের কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন। তবে এ বিষয়ে সারা কিংবা দুই পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে বিয়ে, ভালোবাসা ও সম্পর্ক নিয়ে সারার আগের একটি সাক্ষাৎকার নতুন করে আলোচনায় এসেছে। চলতি বছরের ৮ আগস্ট ভোগ ইন্ডিয়ার সঙ্গে আলাপচারিতায় নিজের ভবিষ্যৎ বিয়ে ও জীবনসঙ্গী সম্পর্কে খোলামেলা কথা বলেন তিনি।
সারার ভাই অর্জুন টেন্ডুলকারের সঙ্গে সানিয়া চান্ধোকের বিয়ের প্রসঙ্গ উঠে এলে তিনি বলেন, ভাইয়ের বিয়ের আয়োজন তাঁর জন্য অনেকটা অভিজ্ঞতা অর্জনের সুযোগ ছিল। সেই অভিজ্ঞতা থেকে নিজের পছন্দ-অপছন্দ সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পেয়েছেন তিনি।
একসময় বড় পরিসরে জাঁকজমকপূর্ণ বিয়ের স্বপ্ন দেখতেন সারা। বিয়েতে প্যাস্টেল রঙের পোশাক পরার ইচ্ছাও ছিল তাঁর। তবে সময়ের সঙ্গে সেই ভাবনায় পরিবর্তন এসেছে। এখন তিনি ছোট পরিসরে বিয়ের আয়োজন পছন্দ করেন। পাশাপাশি ঐতিহ্যবাহী লাল রঙের বধূসাজের প্রতিও আগ্রহের কথা জানিয়েছেন। মজার ছলে সবুজ রঙের পোশাক বেছে নেওয়ার সম্ভাবনার কথাও বলেছেন তিনি।
ভুল সম্পর্কে থাকার চেয়ে সরে আসাকে ইতিবাচক মনে করেন সারা
সম্পর্ক ও বিয়ের ক্ষেত্রে বর্তমান প্রজন্মের দৃষ্টিভঙ্গি নিয়েও নিজের মতামত তুলে ধরেন শচীনকন্যা। তাঁর মতে, জেন-জি প্রজন্ম বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে গুরুত্ব দেয়। তবে কোনো সম্পর্ক সঠিক মনে না হলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার সাহসও রাখে তারা।
সারা মনে করেন, বাগদান সম্পন্ন হওয়ার পরও যদি কেউ বুঝতে পারেন যে জীবনসঙ্গী কিংবা তাঁর পরিবারের সঙ্গে ভবিষ্যৎ জীবন কাটানো সম্ভব নয়, তাহলে বিয়ের আগে সিদ্ধান্ত পরিবর্তন করাই ভালো। ভুল সম্পর্কের মধ্যে থেকে ভবিষ্যৎ জীবনকে জটিল করে তোলার চেয়ে সময় থাকতে সরে আসাকে তিনি ইতিবাচক সিদ্ধান্ত হিসেবে দেখেন।
তাঁর মতে, আগের প্রজন্মের অনেকেই নিজেদের পক্ষে সিদ্ধান্ত নিতে দ্বিধা করতেন। কিন্তু বর্তমান প্রজন্ম কোনো সম্পর্কের মধ্যে সমস্যা দেখতে পেলে নিজেদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তুলনামূলক বেশি আত্মবিশ্বাসী।
জীবনসঙ্গীর মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়াকে গুরুত্ব দেন
ভবিষ্যৎ জীবনসঙ্গী কেমন হওয়া উচিত, সে বিষয়েও নিজের ভাবনা জানিয়েছেন সারা। তাঁর কাছে ভালোবাসার পাশাপাশি বন্ধুত্ব, হাসি-আনন্দ ও পারস্পরিক বোঝাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাবা শচীন টেন্ডুলকার ও মা অঞ্জলি টেন্ডুলকারের সম্পর্ককেও তিনি আদর্শ হিসেবে দেখেন। তাঁর মতে, তাঁদের সম্পর্কের অন্যতম শক্তি হলো বন্ধুত্ব ও সুন্দর পারস্পরিক বোঝাপড়া।
এ ছাড়া ‘সোলমেট’ বা আত্মার সঙ্গী বলতে শুধু প্রেমিক কিংবা জীবনসঙ্গীকে বোঝেন না সারা। তাঁর দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধুদেরও নিজের জীবনের গুরুত্বপূর্ণ সোলমেট মনে করেন তিনি। ছোটবেলা থেকে যেসব বন্ধুর সঙ্গে তাঁর পরিচয়, তাঁদের সঙ্গে সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেন।
ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণত প্রকাশ্যে খুব বেশি কথা বলেন না সারা টেন্ডুলকার। তবে ভোগ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে সম্পর্ক, বিয়ে ও জীবনসঙ্গী নিয়ে তাঁর চিন্তাভাবনা সামনে আসার পর বিষয়গুলো আবারও আলোচনায় এসেছে। অন্যদিকে রাজবীর দেওলের সঙ্গে বিয়ের গুঞ্জনকে ঘিরে নির্ভরযোগ্য সূত্রের বক্তব্য অনুযায়ী, এখন পর্যন্ত এমন কোনো বিয়ের খবর নিশ্চিত নয়।
সূত্র: ভোগ ইন্ডিয়া, টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি।