ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাইদুর রহমান নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সকালে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ইন্তেকাল করেন। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
নিহত মো. সাইদুর রহমান ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের বাদশা বাড়ি এলাকার বাসিন্দা। তিনি দৈনিক প্রভাতী বাংলাদেশ-এর সহ-সম্পাদক মো. হিরা মিয়ার মামা।
পরিবারের স্বজনদের জন্য তাঁর এই আকস্মিক মৃত্যু এক অপূরণীয় ক্ষতি। প্রিয়জনকে হারিয়ে পরিবার-পরিজন গভীর শোক ও বেদনায় সময় পার করছেন।
এদিকে, দৈনিক প্রভাতী বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে সহ-সম্পাদক মো. হিরা মিয়ার মামা মো. সাইদুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।
পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. খাইরুল ইসলাম মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন। আমিন।