ভোটের মাঠে আলোচনায় চেয়ারম্যান পদপ্রার্থী জুলফিকার হাসান শাওন
ইউসুফ আলী, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জ উপজেলার ৭ নং বিহার ইউনিয়নে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান পদপ্রার্থী জুলফিকার হাসান শাওন।
এরই ধারাবাহিকতায় ইউনিয়নের নারায়ণ শহর ও ধামাহার গ্রামে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে গণসংযোগ, সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন তিনি। এ সময় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের অভাব-অভিযোগ, প্রত্যাশা ও এলাকার উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয় শোনেন।
গণসংযোগকালে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার, শিক্ষা, যোগাযোগব্যবস্থা ও জনসেবামূলক কার্যক্রম নিয়ে আলোচনা করেন চেয়ারম্যান পদপ্রার্থী জুলফিকার হাসান শাওন।
এদিকে নির্বাচনকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রার্থীদের গণসংযোগ ও প্রচারণা ঘিরে স্থানীয়দের মধ্যে নির্বাচনী আমেজ লক্ষ্য করা যাচ্ছে। তবে ভোটাররা জানিয়েছেন, এলাকার উন্নয়ন, যোগ্য নেতৃত্ব, স্বচ্ছতা ও জনসেবার বিষয়গুলো বিবেচনা করেই তারা তাদের মতামত দেবেন।