আফজাল হোসেন শুভ
ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে ময়মনসিংহে উদযাপিত হচ্ছে শ্রীশ্রী শ্যামাপূজা-২০২৬। উৎসবের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে বুধবার (১১ নভেম্বর) রাতে ময়মনসিংহ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান ও পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার পূজামণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় দায়িত্বে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া তাঁরা বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি, আয়োজক ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। উৎসবের আয়োজন নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে প্রয়োজনীয় বিষয় নিয়ে তাঁদের সঙ্গে মতবিনিময় করেন প্রশাসনের কর্মকর্তারা।
মতবিনিময়কালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বলেন, ময়মনসিংহ দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের ঐতিহ্য ধারণ করে আসছে। সকল ধর্মের মানুষের পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহযোগিতা ও দায়িত্বশীল অংশগ্রহণের মধ্য দিয়ে শ্যামাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপন সম্ভব। উৎসবের এই সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে তাঁরা প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরেজমিন পরিদর্শন ও নিরাপত্তাব্যবস্থা তদারকিতে আয়োজক, ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে স্বস্তি ও উৎসবের আনন্দ আরও বেড়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশরাফুল করিম, কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম, স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।