মাওয়া পদ্মা সেতু এলাকায় অটো গ্যারেজে ডাকাতি গ্রেপ্তার ৩ উদ্ধার ৯৫ ব্যাটারি
আবু বকর সিদ্দিক:-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া পুরাতন ঘাট এলাকায় অটো গ্যারেজে ডাকাতির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।এ সময় ডাকাতি হওয়া ৯৫টি ব্যাটারি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।গত ১৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ৩টার দিকে পদ্মা সেতু উত্তর থানা এলাকার সুরেশ্বর ফারুক অটো গ্যারেজে এ ডাকাতির ঘটনা ঘটে।ডাকাত দল গ্যারেজে ঢুকে দারোয়ান ও এক চালককে বেঁধে রাখে।পরে গ্যারেজে থাকা ২২টি অটোগাড়ি থেকে ৯৫টি ব্যাটারি ও ২২টি চার্জার নিয়ে পালিয়ে যায় তারা।ঘটনার পর গ্যারেজের মালিক বাবুল বেপারী থানায় অভিযোগ করেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং ডাকাতদের শনাক্তে অভিযান চালায়।
এরই ধারাবাহিকতায় ২৪ সেপ্টেম্বর যাত্রাবাড়ীর ২১৩/২ দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার তামিম এন্টারপ্রাইজের সামনে থেকে মো:মাসুদ (৩৩)কে আটক করা হয়।পুলিশের জিজ্ঞাসাবাদে মাসুদ জানান,ডাকাতি হওয়া ব্যাটারিগুলো ৬ লাখ ৭৪ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর চৌরাস্তা এলাকার আসলাম সাইকেল স্টোরের মালিক আসলামের কাছে এসব ব্যাটারি বিক্রি করা হয় বলে জানান তিনি।পরে পুলিশ অভিযান চালিয়ে আসলাম সাইকেল স্টোর থেকে ডাকাতি হওয়া ব্যাটারিগুলো উদ্ধার করে।জিজ্ঞাসাবাদে আসলাম জানান,তার বন্ধু টঙ্গীবাড়ী এলাকার সজিব ফকির (২৯) বিক্রির জন্য ব্যাটারিগুলো তার কাছে নিয়ে আসেন পুলিশ এ ঘটনায় মাসুদ,আসলাম ও সজিবকে গ্রেপ্তার করেছে।
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।এদিকে ডাকাতির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।পলাতক সহযোগীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।উদ্ধার হওয়া ব্যাটারিগুলো গ্যারেজ মালিকের বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে পুলিশ।ঘটনার সঙ্গে জড়িত পুরো চক্রকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।পুলিশ বলছে,তদন্তের অগ্রগতির সঙ্গে ডাকাতির ঘটনায় জড়িত অন্যদের বিষয়েও তথ্য পাওয়া যেতে পারে।এ ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হলেও পুলিশের অভিযানে স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে।