মাদারীপুরে কাভার্ড ভ্যান-ইজিবাইক সংঘর্ষে নারীসহ আহত ৩
উজ্জ্বল মন্ডল, মাদারীপুর।
মাদারীপুর সদর উপজেলার খাগদি বাসস্ট্যান্ড এলাকায় কাভার্ড ভ্যান, ব্যাটারিচালিত ইজিবাইক ও একটি ভ্যানগাড়ির সংঘর্ষে নারীসহ তিনজন আহত হয়েছেন।
বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ইজিবাইক চালক গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ইজিবাইক ও একটি ভ্যানগাড়ির সংঘর্ষ হয়। এতে ইজিবাইকচালক ও দুই নারী যাত্রী আহত হন।
ঘটনাস্থলে উপস্থিত একজন জানান, কাভার্ড ভ্যানের অতিরিক্ত গতি ও চালকের গাফিলতির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে তাঁরা মনে করছেন। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সংঘর্ষের পর কাভার্ড ভ্যানের চালক গাড়িটি ঘটনাস্থলে রেখে চলে যান।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
দুর্ঘটনার কারণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।