মাদারীপুরে নিখোঁজের চার দিন পর ডোবায় মিললো যুবকের গলিত মরদেহ!!!
অভিযোগ হত্যা-তদন্তে পুলিশ
উজ্জ্বল মন্ডল, মাদারীপুর।
মাদারীপুরে নিখোঁজের চার দিন পর পরিত্যক্ত একটি ডোবা থেকে আশিক খান (২৪) নামে এক যুবকের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আশিক সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার মৃত আজিজ খানের ছেলে।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে স্থানীয়রা খালের অপর পাশে ধানক্ষেতের পাশের একটি পরিত্যক্ত ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ নভেম্বর (বুধবার) একটি মাদক মামলায় জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরেন আশিক। এরপর ১২ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে বাড়ির পাশের খালে জাল নিয়ে মাছ ধরতে যান তিনি। এরপর থেকেই তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি। স্বজনরা খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে ১৩ নভেম্বর (শুক্রবার) সদর মডেল থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
উদ্ধার শেষে পুলিশ আশিকের পরিচয় শনাক্ত করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের স্বজনদের অভিযোগ, প্রতিবেশী কবির মাতুব্বরের সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে আশিককে হত্যা করে মরদেহ ডোবায় ফেলে রাখা হয়েছে। নিহতের বোন নিপা আক্তার বলেন, জমি নিয়ে বিরোধের কারণেই পরিকল্পিতভাবে আমার ভাইকে হত্যা করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের কঠোর বিচার চাই।
তবে অভিযোগ অস্বীকার করেন কবির মাতুব্বর। তাঁর এক আত্মীয় দাবি করেন, এ ঘটনার সঙ্গে কবির বা তাঁর লোকজন কোনভাবেই জড়িত নন। স্থানীয় রাজনীতি ও দলাদলির কারণে তাঁদের নাম জড়ানো হচ্ছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ঘটনার রহস্য উদঘাটনে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ কাজ করছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।