মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরে জেলা পরিষদের অর্থায়নে ২৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে নবনির্মিত শহীদ মিনারটির উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মর্জিনা আক্তার, জেলা পরিষদের প্রশাসক খোন্দকার মাশুকুর রহমান মাশুক, অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল আহমেদসহ জেলা প্রশাসন ও জেলা পরিষদের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, ২৮ লাখ টাকা ব্যয়ে শহীদ মিনারটির নির্মাণকাজ বাস্তবায়ন করেছে মাদারীপুর জেলা পরিষদ। নির্মাণকাজ সম্পন্ন করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান এ.এম. এন্টারপ্রাইজ।
উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা। তিনি বলেন, পুরো বাংলাদেশকে ঢেলে সাজানোর দায়িত্ব নিয়েছে সরকার। ‘সবার আগে বাংলাদেশ’—এই লক্ষ্য সামনে রেখে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি আরও বলেন, সরকারি সেবাপ্রতিষ্ঠানগুলো থেকে সাধারণ মানুষ প্রত্যাশিত সেবা পাচ্ছেন কি না, তা নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে মাদারীপুরকে আরও উন্নত ও সমৃদ্ধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
সরকারি কর্মকর্তাদের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে বিভাগীয় কমিশনার বলেন, কোনো কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারটি স্থানীয় শিক্ষার্থীসহ সাধারণ মানুষের জন্য ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও বিকাশের একটি গুরুত্বপূর্ণ স্থান হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।