মাদকবিরোধী অভিযানে ‘সেঞ্চুরি’ করলো মিরপুর থানা পুলিশ।
(আব্দুর রহমান:স্টাফ রিপোর্টার)
ওসি শহীদুল ইসলামের নেতৃত্বে জিরো টলারেন্স অভিযানে গ্রেফতার শতাধিক
কুষ্টিয়ার মিরপুর উপজেলাকে মাদকমুক্ত করতে কঠোর অবস্থানে রয়েছে মিরপুর থানা পুলিশ। ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ নীতি নিয়ে মাঠে নেমে এবার অভিযানে গ্রেফতারের সেঞ্চুরি পূর্ণ করেছে মিরপুর থানা পুলিশ। চলমান বিশেষ মাদকবিরোধী অভিযানে গত কয়েক দিনে শতাধিক মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে মিরপুর থানা পুলিশ।
মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম এবং পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজের প্রত্যক্ষ নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় দিনরাত পরিচালিত হচ্ছে বিশেষ চিরুনি অভিযান। পুলিশের একাধিক টিম মাদকের বিস্তার রোধ এবং তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে একযোগে কাজ করছে।
থানা সূত্র জানায়, মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর নজরদারি, সুনির্দিষ্ট তথ্য সংগ্রহ এবং বিভিন্ন স্পটে ধারাবাহিক অভিযান পরিচালনার ফলেই অল্প সময়ে এই বড় সাফল্য এসেছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।
মিরপুর থানার ওসি শহীদুল ইসলাম বলেন,
"মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। মিরপুর উপজেলাকে মাদকমুক্ত না করা পর্যন্ত এ অভিযান চলবে। অপরাধী যেই হোক, কোনো ছাড় দেওয়া হবে না।
পরিদর্শক (তদন্ত) আব্দুল আজিজ বলেন,
"আমরা মাদকের মূল উৎপাটনে কাজ করছি। সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষা করতে আমাদের অভিযান আরও জোরদার করা হবে।
পুলিশের এমন কঠোর ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয় সাধারণ মানুষ ও সচেতন মহল। তাদের প্রত্যাশা, মিরপুরকে মাদকমুক্ত করতে পুলিশের চলমান এই অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে মিরপুর থানা পুলিশ।