মোহাম্মদ রায়হান ইসলাম, উপজেলা প্রতিনিধি, টেকনাফ
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আরাফাত হোসেন (২৫) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বুধবার (৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে হোয়াইক্যং বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী কেরেঙ্গোঘোনা পোস্ট এলাকায় এ অভিযান চালায়। আটক আরাফাত হোসেন টেকনাফ থানার উত্তর হোয়াইক্যং গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে।উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির বিশেষ টহল দল সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে এক যুবককে ব্যাগ হাতে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। এ সময় তাকে চ্যালেঞ্জ করা হলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।আটকের পর তার হাতে থাকা পলিব্যাগ তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের একটি কার্টনের ভেতর থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।বিজিবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আরাফাত মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছেন।উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।