মিরসরাইয়ে শ্যামাপূজায় ৬০০ সনাতনীর মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ করলেন এমপি নুরুল আমিন
নিজস্ব সংবাদদাতা :::
চট্টগ্রামের মিরসরাইয়ে শ্রীশ্রী শ্যামাপূজা উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের ৬০০ মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে এ বস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নুরুল আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যাণে কাজ করছেন। তবে একাত্তরের পরাজিত শক্তি দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। এ বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ‘জাতির ক্রান্তিলগ্নে যখন আমরা ধর্মকে বিবেচনায় আনিনি, তখন অন্য কাজে কেন ধর্মকে বিবেচনায় আনব? দেশ আমরা সবাই মিলে স্বাধীন করেছি। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনেও সবাই অংশ নিয়েছেন। এবারের জাতীয় সংসদ নির্বাচনে সনাতনী সম্প্রদায়ের ভাই-বোনেরা ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে বিএনপিকে ভোট দিয়েছেন।’
এ সময় তিনি সবসময় সনাতনী সম্প্রদায়ের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। পরে তিনি উপস্থিত মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মিরসরাই উপজেলা শাখার সভাপতি অনির্বান চৌধুরী রাজীবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহন দের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাজিব ধর তমাল।
প্রধান বক্তা ছিলেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ।
অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ছাড়াও বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।