মীরসরাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও দুর্যোগ মোকাবিলার মহড়া অনুষ্ঠিত
হারাধন চক্রবর্তী, স্টাফ রিপোর্টার,
মীরসরাই :-
“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের মীরসরাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে র্যালি, দুর্যোগ মোকাবিলার মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে মীরসরাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং মীরসরাই ফায়ার সার্ভিসের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, দুর্যোগের ঝুঁকি হ্রাস এবং দুর্যোগের সময় করণীয় সম্পর্কে জনগণকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দুর্যোগ মোকাবিলার মহড়ার মাধ্যমে জরুরি পরিস্থিতিতে উদ্ধার ও সুরক্ষামূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পরিবার ও নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা তৈরি করা জরুরি। সম্মিলিত উদ্যোগ, পূর্বপ্রস্তুতি ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে একটি দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।