হারাধন চক্রবর্তী, চট্টগ্রাম।
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন এবং পূজা চলাকালীন সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে মীরসরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মীরসরাই উপজেলা নির্বাহী অফিসার সোমাইয়া আক্তার।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মীরসরাই উপজেলা শাখার সভাপতি অনির্বাণ চৌধুরী রাজিব ও সাধারণ সম্পাদক মোহন দেসহ উপজেলা কমিটির নেতৃবৃন্দ। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন পূজা কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মীরসরাই উপজেলা শাখার নেতৃবৃন্দ আসন্ন শারদীয় দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি, পূজা মণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, দর্শনার্থীদের নিরাপত্তা, বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন।
এসময় উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপ কমিটির প্রতিনিধিরাও নিজ নিজ মণ্ডপের প্রস্তুতি, সমস্যা ও প্রয়োজনীয় সহযোগিতার বিষয়গুলো সভায় উপস্থাপন করেন। পূজা মণ্ডপগুলোতে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে সরকারি বিভিন্ন নির্দেশনা ও করণীয় সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। একই সঙ্গে পূজা চলাকালীন সবাইকে আইনশৃঙ্খলা বিধি মেনে চলা, পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
সভায় বক্তারা বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টা, পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মাধ্যমে শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তি, শৃঙ্খ লা, নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে সফলভাবে উদ্যাপন করা সম্ভব হবে।