মীরসরাইয়ে ৯০টি পূজামণ্ডপে ভোগ্যপণ্য বিতরণ, ‘পদ্মাক্ষী’ স্মরণিকার মোড়ক উন্মোচন
হারাধন চক্রবর্তী, স্টাফ রিপোর্টার
মীরসরাই ::
চট্টগ্রামের মীরসরাইয়ে ১৪৩৩ বঙ্গাব্দের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলার ৯০টি পূজামণ্ডপের জন্য সরকারি বরাদ্দকৃত ভোগ্যপণ্য বিতরণ এবং ‘পদ্মাক্ষী’ স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় মীরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মীরসরাই উপজেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন এমপি। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মীরসরাই উপজেলা শাখার সভাপতি অনির্বাণ চৌধুরী রাজীব। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহন দে।
অনুষ্ঠানে মীরসরাই উপজেলার ৯০টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশগ্রহণ করেন। এ সময় বিভিন্ন পূজামণ্ডপের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক বরাদ্দকৃত ভোগ্যপণ্য বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। পাশাপাশি ‘পদ্মাক্ষী’ স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়।
আয়োজকরা জানান, শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন, পূজামণ্ডপগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় ও সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।